সুবর্ণচরে অসহায় মানুষের পাশে আলোর প্রদীপ সংগঠন
“আসুন আর্তমানবতার সেবায়, আমরা এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপ অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে যোবায়ের বাজার এলাকায় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোবায়ের বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র দাস।
এ সময় সংগঠনের পক্ষ থেকে এক অসহায় ও অসুস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। গরীব দুই কন্যার বিয়ের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এছাড়াও যোবায়ের বাজার প্রাইমারি স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে স্কুল ব্যাগ ও পোশাকের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়। পাশাপাশি আরও তিনজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আলোর প্রদীপ সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন দিদার বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের আনন্দ। ভবিষ্যতেও আমরা আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই, যাতে সমাজের আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।”
উল্লেখ্য, ২০২৪ সালে এলাকার মেধাবী তরুণদের নিয়ে আলোর প্রদীপ সংগঠন আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা, চিকিৎসা ও দুঃস্থ মানুষের সহায়তায় তাদের ভূমিকা ইতিমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন