নোয়াখালীতে সামাজিক নিরীক্ষা প্রশিক্ষণ: টেকসই উন্নয়নে নাগরিক অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর
"সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়নে সামাজিক নিরীক্ষা”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বুধবার (৫ নভেম্বর) সকালে জেলার বুরো ট্রেইনিং সেন্টারের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নাগরিকতা কর্মসূচির উদ্যোগে এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন প্রাণ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা পপি, নাগরিকতা প্রকল্পের সমন্বয়ক ড. দ্বিজেন মল্লিক, সিপিডি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিম ও প্রকল্পের পরামর্শক মো. মোজাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের নোয়াখালী জেলা সমন্বয়ক মাহমুদুল হাসান।
দিনব্যাপী প্রশিক্ষণে নোয়াখালীর চার উপজেলার ৮০ জন অংশগ্রহণকারী ও ৪ জন স্বেচ্ছাসেবককে চারটি দলে ভাগ করে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীদের এসডিজি অর্জন, সুশাসন নিশ্চিতকরণ, মানবাধিকারভিত্তিক পদ্ধতি (HRBA), কাউকে পিছিয়ে না রাখা (LNOB) ও জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি (GESI) বিষয়ে ধারণা দেওয়া হয়।
এছাড়া সামাজিক নিরীক্ষার জন্য প্রয়োজনীয় জরিপ প্রশ্নাবলী প্রণয়ন, ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি), কেআইআই ফরম্যাট পরিচিতি, তথ্যসংগ্রহ কৌশল ও মাঠপরিকল্পনার ওপর মক ট্রায়াল আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বাস্তব অনুশীলনের মাধ্যমে সামাজিক নিরীক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড দূতাবাস ও কানাডা হাইকমিশনের যৌথ সহায়তায়, জি এফ এ কনসালটিং গ্রুপের ব্যবস্থাপনায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)-এর সহযোগিতায় নাগরিকতা কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন