বাসানচর সংলগ্ন জেলে নৌকায় ডাকাতি, ৮ লাখ টাকার মালামাল লুট
নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসানচর সংলগ্ন দমার চরের উত্তর পাশে গত রাত সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিনের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় এই দুর্ধর্ষ হামলা চালায় সংঘবদ্ধ ডাকাত দল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অস্ত্রধারী ডাকাত দল হঠাৎ করে নৌকাটি ঘিরে ফেলে জেলেদের জিম্মি করে। এ সময় নৌকায় থাকা প্রায় ১৫ মন জাল, দুটি ইঞ্জিন, একটি গিয়ারসহ বিভিন্ন আনুষঙ্গিক মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
ডাকাতরা নৌকায় থাকা জেলেদের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালায়। এতে কয়েকজন জেলে গুরুতর আহত হন। একই সঙ্গে ভবিষ্যতে নদীতে মাছ ধরতে হলে ডাকাতদের চাঁদা দিতে হবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে তারা।
এ বিষয়ে নৌকার মালিক ব্যবসায়ী আলা উদ্দিন বলেন, “ডাকাতরা আমাদের নৌকায় উঠে কোনো কথা না বলেই জেলেদের মারধর শুরু করে। তারা সব জাল, ইঞ্জিন ও গিয়ার নিয়ে গেছে। প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলেদের জীবন এখন চরম ঝুঁকির মধ্যে। নদীতে মাছ ধরতে গেলেই ডাকাতদের ভয় কাজ করে। আমরা এই সন্ত্রাসের স্থায়ী সমাধান চাই।”
ঘটনার পর থেকে স্থানীয় জেলেদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই নদীতে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না। স্থানীয়রা অবিলম্বে ডাকাতদের গ্রেপ্তার এবং নদী এলাকায় টহল জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও নৌ-পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন